শনিবার, ৪ আগস্ট, ২০১৮

অনুরোধে অগ্রজ...

#আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাঃ

আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ছোট ভাই ও বোনের মতো। তোমরা যে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত, তার নজিরবিহীন দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো। আমিও নানা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকেছি, মানববন্ধন, মিছিল, সভা-সমাবেশ করেছি কিন্তু তোমাদের দ্বারা রচিত বিশ্বনন্দিত এই আন্দোলন থেকে অনেক কিছু শেখেছি। তোমরা শিখিয়েছো কিভাবে নিজেদের দাবীগুলোকে গণমানুষের দাবিতে পরিণত করতে হয়। কিভাবে আইনের প্রয়োগ করতে হয়।
কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না যে, আমরা শিক্ষার্থী । আইন কিংবা শাসনতন্ত্র চালনার কাজ আমাদের নয়, আমাদের মূল কাজ পড়াশুনা করা।
অতিআবেগে উত্তেজিত কিংবা অন্যের কানমন্ত্রে আকৃষ্ট হয়ে আমাকে গালিগালাজ না দিয়ে ধীরস্থিরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে যে, "এই আন্দোলন আর তোমাদের হাতে নেই।"
এটির কলকাঠি এখন কূটচক্রীদের হাতে, যারা তোমাদেরকে ব্যবহার করে দেশকে অশান্ত করতে চাচ্ছে । যার জ্বলন্ত প্রমাণ আজকের ঘটনা।
তাই, আমি তোমাদের অগ্রজের স্থান থেকে অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে এসো। আমরা কোনো মতলবাজদের দাবার ঘুটি হতে চাই না। আমরা আবার নতুন করে কোনো দিয়া কিংবা করিমকে হারাতে চাই না।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আশা করি, সারাবিশ্ব অতিদ্রুতই এর বাস্তবায়িত রুপ দেখবে।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

সভ্য নামের পশু আমরা !!!



আজ যে বোন রাস্তায় বখাটেদের উত্যক্ত কিংবা ধর্ষণের শিকার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা যতটুকু না বখাটেদের বিরুদ্ধে কথা বলে থাকি তারচেয়ে বুঝি দ্বিগুণহারে লাঞ্ছিত বোনের পোষাক-আশাকের সমালোচনা করে থাকি ।
সমাজে এক মহামারি ব্যাধির দেখা দিয়েছে । উত্যক্ত কিংবা ধর্ষণের মতো সংবাদে অধিকাংশকে বলতে শুনি সব কাটা পোষাকের দোষ, ভারতীয় চ্যানেলের দোষ । এইসব চ্যানেল কিংবা পোষাকের বদৌলতেই নাকি মেয়েটি আজ উত্যক্ত কিংবা ধর্ষণের শিকার হয়েছে । সত্যই কি তাই ?
কথায় কথায় আমাদের মধ্যে যারা ধর্মের রাশি টেনে ধরি তাদের কাছে জানতে চাই, হযরত ইউসুফ (আঃ) কে যখন জুলেখা সঙ্গমের প্রস্তাব দিয়েছিল তখন জুলেখার পরিহিত পোষাক কি আজকের এই লাঞ্ছিত বোনের পোষাকের চেয়ে অশোভন ছিল না ? নাকি ইউসুফ (আঃ) এর পুরুষত্বের কোনো প্রশ্ন ছিল ?
চিরন্তন সত্য তো এটাই যে সেখানে ইউসুফ (আঃ) কে আটকিয়েছিল তাঁর উত্তম চরিত্র ও ধর্ম কোনো পোষাক নয় ।
আবার যখন সিন্ধুরাজ জয়দ্রত পঞ্চপান্ডবের স্ত্রী পাঞ্চালীকে লাঞ্ছিত করার অপচেষ্টা করেছিল তখনো পাঞ্চালীর পোষাক নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না । কিন্তু তারপরও সে লাঞ্ছিত হয়েছে। পোষাক তাকে বাঁচাতে পারে নি ।
মোদ্দা কথা তো এটাই যে, উন্মাদ-হিংস্র কুকুরের উন্মাদনায় কোনো কারণ লাগে না ।

শুধু যে মেয়েরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে তা নয়, আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে  যৌনোন্মাদ কুকুরে ভরে গিয়েছে। আজ আমাদের বোনেরা কর্মস্থলে তার বসের কাছে নিরাপদ বোধ করে না । নিরাপদ বোধ করতে ভয় পায় তাঁর সহকর্মীর সঙ্গকেও । আজ তাঁরা নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এমনকি নিজ পরিবারের লোককেও বিশ্বাসে ভয় পেতে শুরু করেছে ।
প্রকৃতপক্ষে, পোষাক লাঞ্ছনার কোনো কারণ নয় । কারণ হিসেবে যদি কোনো কিছুকে দায়ী হতেই হয় তবে তা সভ্য মানুষের মুখোশধারী আমরা ও আমাদের নিশ্চুপ প্রবৃত্তি ।

তাই আসুন, লাঞ্ছিত বোনের দিকে আঙ্গুল না তুলে সমাজের আনাচে-কানাচে লুকিয়ে থাকা শরীরের গন্ধশুকো পশুদের বিরুদ্ধে স্বর তুলি এবং নিজ সন্তানদেরকে আদর্শ চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলি ।
আমি আশাবাদী, এভাবেই আমরা এক সভ্য ও নিরাপদ সমাজ গড়তে পারি ।


মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

গ্যাস মজুদ নির্ধারণে গয়া পন্ডিত



প্রতিদিনের মতো আজও সকালটা শুরু পত্রিকার পাতা উল্টিয়েই । পত্রিকায় নেই আলাদা কিছুই। নিত্যদিনের মতোই ঘটেছে সব ঘটনা। এসেছে অনেকটা গতদিনের মতোই কিন্তু একটু ভিন্ন রুপে, আলাদা ধাঁচে, আগের স্থানটি বদলে হয়তো অন্যস্থানে, ভিন্ন কারো হাতে কিংবা স্বরে।
বড় বড় পুকুরচুরির সংবাদও এখন আর আমাদের মনকে নাড়ায় না, বাড়ায় না আত্ম-সচেতনতা কোনো সমাজখাকি মহাব্যাধির পাতা পড়ে, উঠে না আগের মতো জাগরণী স্বর কোনো অন্যায়-অবিচারের খবর পড়ে। কেমন জানি এক অভ্যাসে পরিণত হয়ে গেছে সব শুনা কিংবা পড়া।

এমনি ছিল জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর আজকের এক সংবাদ “কয়েকটি ক্ষেত্রে গ্যাসের মজুত দ্রুত কমছে” শিরোনামে। যেখানে একদিকে যেমন ছিল সংবাদকৃত দেশের গ্যাসক্ষেত্রগুলোর ভৌগলিক অবস্থান ও পরিসংখ্যান, অন্যদিকে তেমনি এর পিছনের চাবিওয়ালাদের নিজস্ব ধ্যান-ধারণাও।

সংবাদটির সবচেয়ে বড় ক্লাইম্যাক্স পয়েন্ট হচ্ছে, গ্যাস মজুদ নির্ধারণে পাহাড়সম অদক্ষতার প্রমাণ। প্রথম আলোর তথ্যমতে,এই ক্ষেত্রগুলোতে গ্যাসের যে মজুত আছে বলে হিসাব করা হয়েছিল, তাতে এখনই তা ফুরিয়ে আসার কথা নয়।
বাপেক্সের সূত্র মতে, ঢাকার পার্শ্ববর্তী পূর্বাচলে ২০১৪ সালে রূপগঞ্জ গ্যাসক্ষেত্রটি যখন আবিষ্কৃত হয় তখন ক্ষেত্রটিতে প্রায় ৩৪ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস মজুত আছে বলে বলা হয়েছিল। কিন্তু এই বছরই ক্ষেত্রটি থেকে দৈনিক ৫০ লাখ ঘনফুট করে গ্যাস তোলা শুরু করার পর এখনই মজুত ফুরিয়ে গেছে। অথচ ক্ষেত্রটি থেকে এখন পর্যন্ত সর্বমোট এক বিসিএফ গ্যাসও তোলা হয়নি।
আবার, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করা হয় ২০১২ সালে। এখানে ৫০ বিসিএফ গ্যাস মজুত আছে বলে হিসাব করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সর্বমোট ১০ বিসিএফ গ্যাস তোলার পরই ক্ষেত্রটির একমাত্র কূপটি বন্ধ করে দিতে হয়েছে। কারণ, বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য আর গ্যাস পাওয়া যাচ্ছে না।
অনুরুপভাবে, খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থান সেমুতাং গ্যাসক্ষেত্রের। এই ক্ষেত্রটির মোট মজুত হিসাব করা হয়েছিল ৩১৮ বিসিএফ। একসময় এখান থেকে দৈনিক ৩ কোটি ঘনফুট করেও গ্যাস তোলা হয়েছে। এখন তা নেমে এসেছে দৈনিক ২০ লাখ ঘনফুটে। এখন পর্যন্ত ক্ষেত্রটি থেকে সর্বমোট ১৩ বিসিএফের মতো গ্যাস তোলার পরই এ অবস্থা দাঁড়িয়েছে।
 আবার, সিলেটের ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রটিও অনেক পুরোনো। ১৯৮৪ সালে আবিষ্কৃত এই ক্ষেত্রটির মজুত নির্ধারণ করা হয়েছিল ৩২৯ বিসিএফ। এখন পর্যন্ত গ্যাস তোলা হয়েছে সর্বমোট ১৫৩ বিসিএফ। এরই মধ্যে ক্ষেত্রটির দৈনিক উত্তোলন ক্ষমতা আড়াই কোটি ঘনফুট থেকে কমে ১ কোটি ২০ লাখ ঘনফুটে দাঁড়িয়েছে।
এবং সালদা নদী গ্যাসক্ষেত্রটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশ-ভারত সীমান্তে। এই ক্ষেত্রের একমাত্র কূপ থেকে দৈনিক ১ কোটি ঘনফুট করে গ্যাস তোলা হতো। কিন্তু এখন তা ৩৫ লাখ ঘনফুটে নেমে এসেছে।
উপরোক্ত তথ্যগুলো প্রাকৃতিক গ্যাসক্ষেত্র গুলোর মজুদ নির্ধারণে নির্ধারকদের যথেষ্ট অদক্ষতার প্রমাণ মেলে। হ্যাঁ, সবসময় যে গবেষণার ফল একই হবে তা কিন্তু আশা করা যায় না। তবে, ৩৪ বিপিএস এর জায়গায় ১ বিপিএস, ৫০ বিপিএস এর জায়গায় ১০ বিপিএস শেষ কিংবা ৩১৩ বিপিএস এর জায়গায় মাত্র ১৩ বিপিএসেই গ্যাস নাই নাই ভাব অনেকটা আষাড়ে গল্পের মতোই শুনাই না তো।
কিন্তু এর পিছনের কারণগুলোও বাতলে দিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম । বললেন, প্রথমত এ ঘটনায় মজুত নির্ধারণে বাপেক্সের অদক্ষতার প্রমাণ মেলে। এ ছাড়া মজুত বেশি দেখিয়ে বেশি হারে বোনাস নেওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। এ দুই কারণ ছাড়া এমন হওয়ার কথা নয়।
এতো অদক্ষতার পরও কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকতে পিছ পা যে নন তার প্রমাণ মেলে জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার দেয়া বিবৃতিতে। সুত্রগুলো জানায়, “যদিও এই ক্ষেত্রগুলো ছোট এবং মজুত কম, কিন্তু এগুলো থেকে উত্তোলিত মোট গ্যাসের পরিমাণ দৈনিক সরবরাহের হিসাবে নগণ্য নয়।”
কিন্তু প্রশ্ন মজুদ কম কিংবা বেশির নয়, প্রশ্ন হলো কেন মজুদ ধারণায় আকাশ-পাতাল তফাৎ ?

প্রশ্ন এও যে কিভাবে এমন অদক্ষ কর্মীরা কোনো প্রশিক্ষণ ব্যতিরেকেই প্রাকৃতিক গ্যাস নির্ধারণের মতো দেশের গুরুত্বপূর্ণ খাতের ধারণা দিচ্ছেন ? কিংবা দক্ষ ব্যক্তিরা অদক্ষতার মুখোশ পরে নিজেদের স্বার্থ হাসিলে পার পেয়ে যাচ্ছেন ? কেন কোনো জবাবদিহিতা নেই ? নাকি সবই ঘটছে এর পিছনের স্বার্থনেশি মহলের হাতের ছোঁয়ার জাদুর প্রভাব ? যা চলছে, চলবে রুখবে না কখনো তা আইন ।

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

" আবারো এসেছি বিশ্বসম্মুখে মোরা, ছয় দফা দাবি নিয়ে.."

নিজেদের অধিকার আদায়ে নয়, বিশ্ব-মানবতার মুক্তির চেতনায় জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উত্থাপিত ছয় দফা প্রস্তাব হল-
এক. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে।
দুই. নিরপরাধ বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা (সেইফ জোন) তৈরি করা যেতে পারে, যেখানে তাদের সুরক্ষা দেওয়া হবে।
তিন. বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
চার. রোহিঙ্গা সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।
পাঁচ. রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার যে রাষ্ট্রীয় প্রপাগান্ডা মিয়ানমার চালাচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।
ছয়. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে।
বৈঠকে তিনি আরো বলেছেন, “আমরা এই ‘জাতিগত নির্মূল’ অভিযানের অবসান দেখতে চাই। আমাদের মুসলমান ভাইদের এই দুর্দশার অবসান চাই। এই সঙ্কটের সূচনা হয়েছে মিয়ানমারে এবং সেখানেই এর সমাধান হতে হবে।”

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

কালো হয়ে জন্ম নেয়াটা কি সত্যিই কোনো পাপ............

কালো হয়ে জন্ম নেয়াটা যেন পাপের।যেখানে প্রতি মিনিটে মিনিটে সেলফি তুলে ফর্সা ছেলেমেয়েরা ফেইসবুকে আপলোড করছে, সেখানে নিজের সবথেকে ভালোলাগা ছবিতে ফটোশপে ব্রাইটনেস বাড়িয়েও প্রোফাইল পিকচার করতে হাজারো দ্বিধায় ইচ্ছা অপূরণীয়ই থেকে যাচ্ছে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আয়োজিত ফ্যাশান শো'তে, টিভি চ্যানেলে বিজ্ঞাপনের জন্য, নাটক সিনেমার জন্য কাছের কত কাছের বন্ধুবান্ধব নির্বাচিত হল, শুধু কালো হয়ে জন্মানোর জন্য এগুলোর ধারের কাছেও যেতে পারছে না।
রাস্তায় বন্ধুর সাথে হেঁটে যাওয়ার সময় কোচিং ছুটি হওয়ার পর যত মেয়ে যাচ্ছে সবাই সেই ফর্সা বন্ধুটির দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনকি পাশকেটে যাওয়ার
পরেও পেছন ফিরে বার বার তাকায় এবং আরেক বান্ধবীকে চিমটি কেটে বলে "ইশ ছেলেটা কত্ত কিউট"।
ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়। শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য। ক্লাসের সবথেকে হ্যান্ডসাম ছেলেটাও এসে বন্ধুত্বের অফার দিচ্ছে, এমনকি ক্লাসের সবথেকে ভদ্র, মেধাবী ছাত্রটা পর্যন্ত তাকে আলাদা চোখে দেখে সবসময়। কত ছেলে তাকে ভালোবাসার, বন্ধুত্বের অফার দিচ্ছে। অথচ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গেল কোন ছেলেই তাকে প্রপোজ করল না? শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য। শহরের সবথেকে ধনী ছেলের সাথে বিয়ে, মডেলিং এ চান্স, চারিদিকে নামডাক শুধুমাত্র ফর্সা মেয়েটিরই। অথচ কালো মেয়ের বিয়ের সময় কত ভালোভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে, একটি ছেলেও তাকে পছন্দ করছে না। ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়, এবং এই পৃথিবীতে নিজেকে সবথেকে হতভাগী মনে হয়, শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য।
যখন ক্লাসের ভেতর একই নামের দুজন ব্যাক্তি থাকে, ধরুন প্রথম জন ফর্সা, দ্বিতীয়জন কালো, তখন যদি সেই কালো ছেলে/ মেয়েটাকে কেউ খুঁজে, "ওমুক কে দেখেছিস?" প্রত্যুত্তরে তার বন্ধুরা বলে "কোন ওমুক "ক্যাইল্লা, কাল্লু টা নাকি?" ঠিক তখনি যদি ঐ ছেলে/ মেয়েটা তার পেছনেই দাঁড়িয়ে এই কথাটি শুনে ফেলে। তখনও বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়। গায়ের রং কালো হওয়ার কারণে এমন অনেক ছেলেমেয়েকেই জীবনে একটিবার হলেও আফসোস করতে হয়।
"কেন সে এই পৃথিবীর বুকে কালো হয়ে জন্মালো?"

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

কবে বিশ্ববিবেক জাগ্রত হবে ?


পরিস্থিতির আর কতদূর অবনতি হলে রোহিঙ্গাদের ওপর বর্মী বর্বরতার অবসান হবে? আর কত মানুষ মারা গেলে বিশ্ব বিবেক জাগ্রত হবে? আর কত মা বোন ধর্ষিত হলে বিশ্ব শক্তিরা জেগে উঠবে?

 আমারতো মনে হচ্ছে যে ২৫ লাখ রোহিঙ্গা মুসলমানের মধ্যে যে ১৩ লাখ এখনো বার্মার রাখাইন প্রদেশে রয়েছে তারা সকলে একেবারে মাটির সাথে মিশে গেলে তখনই মানবাধিকারের ফেরিওয়ালারা জেগে উঠবে। এতদিন আমরা জবাই করে হত্যা করা অথবা বন্দুক রাইফেলের গুলীতে নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার কথা শুনেছি। কিন্তু সেই নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে হেলিকপ্টার গানশীপ থেকে অর্থাৎ আকাশ থেকে গুলী করে হত্যার খবর কি আপনারা শুনেছেন? কাদের বিরুদ্ধে আকাশে হেলিকপ্টার থেকে গুলী করা হচ্ছে? যাদের হাতে রাইফেল পিস্তল তো দূরের কথা, একটি লাঠিসোঁটা বা পিস্তল পর্যন্ত নাই? এতদিন আমরা বিভিন্ন দেশে গণহত্যার খবর দেখেছি। কিন্তু যাদেরকে খুন করা হচ্ছে তাদের গলিত লাশ থেকে পচা দুর্গন্ধ বের হওয়ার খবর কি আপনারা শুনেছেন? কোথায় যাবে এই বেচারা রোহিঙ্গারা? সীমান্তের ঐ পারে বর্মী সেনা গুলী করে তাড়িয়ে দিচ্ছে। ওরা নৌকায় করে পালিয়ে প্রাণ বাঁচানোর আশায় নাফ নদী দিয়ে যখন এধারে আসছে তখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বর্ডার গার্ড ওদেরকে জোর করে ফিরিয়ে দিচ্ছে।

শুক্রবারের পত্র-পত্রিকায় কয়েকটি অত্যন্ত ডিস্টার্বিং খবর বেরিয়েছে। আরাকান রাজ্যের মংডুর আরও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে মিয়ানমারের সাঁজোয়া বাহিনী। প্রতিদিনই রোহিঙ্গা মুসলিম নির্মূলে পরিচালিত ক্লিয়ারেন্স অপারেশনে সৈন্য সমাবেশ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বাড়ছে গণধর্ষণ।
সাঁজোয়া বহরে নতুন করে যুক্ত হয়েছে হেলিকপ্টার গানশিপ, মর্টারশেলবাহী কামান ও মেশিনগান। এসব ভারী অস্ত্র নিয়ে অসহায় গ্রামবাসীর ওপর সৈন্যরা হামলে পড়ছে। ইতোমধ্যে বর্মী বাহিনীর ধ্বংস করে দেয়া গ্রামগুলো থেকে বাতাসে ছড়িয়ে পড়েছে লাশপচা গন্ধ। এরই মধ্যে ২২টি গ্রাম পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা পল্লীতে গুলী করা হয়েছে। মংডুর উত্তরাঞ্চলে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদী সরু থাকায় যেসব রোহিঙ্গা প্রাণে বেঁচে গেছে তারা নতুন আশ্রয়ে যেতে সক্ষম হয়েছে। এতে পালিয়ে আসা নারী-পুরুষদের প্রাণ রক্ষা হলেও এবারের অভিযানে দক্ষিণ-পূর্বাঞ্চলের কারো আর পালিয়ে যারায়ার সুযোগ নেই। কেননা সেনাবাহিনী দক্ষিণে ধাবিত হয়ে রোহিঙ্গাদের কোণঠাসা করে ফেলছে। এখন তাদের পালানোর একমাত্র জায়গা সমুদ্র। আর প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়েও কোনো লাভ নেই। কেননা সাগর পাড়ি দেয়া কারো পক্ষেই সম্ভব নয়। নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলেও সেখানে ওঁৎ পেতে আছে বর্মী নৌবাহিনী। কাজেই জলেস্থলে কোথাও নিস্তার নেই রোহিঙ্গা মুসলিমদের। অনেকটা জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো অবস্থা। অর্থাৎ অবধারিত মৃত্যু।

ইতোমধ্যে আরাকানের মংডু, বুচিদং, আকিয়াবসহ মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকার গ্রাম-মহল্লা-পাড়াগুলোর বাড়িঘর প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পালিয়ে আশ্রয় নেয়া প্রত্যক্ষদর্শীরা জানান, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষদের নির্বিচারে হত্যা, কেটে কেটে টুকরো অথবা গলা কেটে আর পিটিয়ে হত্যা করছে। আর রোহিঙ্গা নারীদের গণধর্ষণ করছে। 
এ দিকে টেকনাফ উপজেলার চারটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা বাংলাদেশে এলে তাদের বাধা দেয় বিজিবির সদস্যরা। গত বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে ঢুকতে না পেরে রোহিঙ্গারা মিয়ানমার ফেরত যায়। যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি প্রবেশের চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির সর্বোচ্চ নজরদারি আছে। পাশাপাশি সীমান্তজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রোহিঙ্গাদের ওপর বর্মী হানাদার বাহিনী যে বীভৎস নির্যাতন চালাচ্ছে তেমন বীভৎস নির্যাতন পাক বাহিনীও ’৭১ সালে বাঙ্গালীদের ওপর চালায়নি। নৌকাযোগে পলায়নরত রোহিঙ্গা মুসলমানদের স্পিডবোট দিয়ে তাড়া করে হত্যা করা, হেলিকপ্টার গানশীপ থেকে গুলী করে হত্যা করা, ঘরে ঘরে গিয়ে রোহিঙ্গা নারীদের টেনে বের করে পাইকারী ও গণহারে ধর্ষণ করার কথা ’৭১ সালের পাক-বাহিনীর নির্যাতনকেও ম্লান করে দিয়েছে। বর্বরতার ধরন মধ্যযুগীয় নির্যাতনকেও হার মানায়। অথচ বাংলাদেশের সেক্যুলাররা মানবতার এই চরম লাঞ্ছনার পরেও সম্পূর্ণ নির্বিকার। তারা সব মুখে কলুপ এঁটেছে। কোথায় গেল আওয়ামী লীগ? কোথায় গেল কমিউনিস্ট পার্টি? কোথায় গেল বাসদ? কোথায় গেল তাদের তল্পিবাহক বুদ্ধিজীবীরা? বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে ল্যাটিন আমেরিকার কোথাও সামান্যতম মানবাধিকারের লঙ্ঘনের ঘটনায় যারা তারস্বরে নিন্দায় মেতে ওঠে। কিন্তু মানবতার এই নৃশংসতম অপমানেও ওরা নাকে তেল দিয়ে ঘুমায়।

কাশ্মীরে এই সেদিনও ২ মাস ধরে কার্ফিউ জারি করে শতাধিক ব্যক্তিকে ভারতীয়  সৈন্যরা হত্যা করলেও ওরা চোখ বন্ধ করে থাকে। ফিলিস্তিনে ইসরাইলী বর্বরতা নিয়ে ওরা সোচ্চার নয়। বাংলাদেশের নাসিরনগরে যখন প্রমাণিত হলো হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা করেছে সরকারি দল, যখন প্রমাণিত হলো যে গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হামলা করেছে সরকারি দল, তখন ওরা মুখে গোমটাই লাগিয়েছে। প্রথমে তারা খুব চিৎকার করেছে। তখন ভেবেছিল যে ইসলামী ঘরানার তরফ থেকে এগুলো করা হয়েছে। কিন্তু যেই দেখা গেল এইগুলোর পেছনে রয়েছে তথাকথিত সেক্যুলার ফোর্স, ওমনি তারা গর্তে সেঁদিয়ে যায়। যেখানেই ইসলাম বা মুসলমানদের গন্ধ আছে সেখানেই ওরা ধিক্কার ও নিন্দাবাদে উচ্চকণ্ঠ হয়। আর যেই দেখা যায় ইসলাম বা মুসলমানের কোনো সংস্পর্শ নাই, ওমনি ওরা মিউ মিউ করে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী ও পুলিশের নির্যাতনের মুখে সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী হয়ে পালাতে গিয়েও রেহাই পাচ্ছেন না নির্যাতিত মুসলিম রোহিঙ্গারা। দেশ ছেড়ে পালাতে গিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বুধবার রাতে সে দেশের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির টার্গেটে পড়ে। ৪২ জন রোহিঙ্গা বহনকারী নৌকায় গুলী চালায় বিজিপি। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন গুলীবিদ্ধ হন। তবে কতজন মারা গেছে সে খবর জানা যায়নি। আহত একজনকে মুমূর্ষু অবস্থায় নাফ নদীর পানিতে ভাসতে দেখে বাংলাদেশের জেলেরা উদ্ধার করে টেকনাফের লেদাতে অবস্থিত একটি অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসে। বুধবার রাতে নৌকাযোগে দুই ছেলেকে নিয়ে পালানোর সময় আহত হয়ে কোনোমতে বেঁচে আসা ওই রোহিঙ্গার নাম ইমান হোসেন। জেলেরা তাকে উদ্ধার করলেও তার দুই ছেলের ভাগ্যে কি ঘটেছে জানেন না ইমান। ৪৮ বছর বয়সী রাখাইন রাজ্যের পেরামপুরো গ্রামের কৃষক ইমান হোসেনের বাবার নাম পিতা মৃত কালু মিয়া। ১২ অক্টোবর তাদের এলাকায় সেনাবাহিনী হামলা শুরু করে। তাদের ঘরটি পুড়িয়ে দেয়। স্ত্রী ও ছোট সন্তান পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। আর তিনি বড় দুই ছেলের জীবন রক্ষার জন্য বাড়ি থেকে পালিয়ে আসেন। কিন্তু নিয়তির কি পরিহাস, যে ছেলেদের জীবন বাঁচাতে তিনি বাড়ি ছাড়েন, তাদের দু’জনকে মৃত্যুর মুখে রেখে আসতে হয়েছে বাবাকে। ইমান হোসেন যুগান্তরকে বলেন, বুধবার রাত ৯টার দিকে রাখাইন রাজ্যের মংডুর পেরামপুরো চরে এক থেকে দেড় হাজার রোহিঙ্গা ছিল এপারে আসার অপেক্ষায়। সেখান থেকে ৬টা নৌকা রওনাও হয়। তারা যে নৌকায় ওঠেন সেখানে ছিল ৪২ জন রোহিঙ্গা। তাদের সঙ্গে তার দুই ছেলে সলিমুল্লাহ (১৮) ও সালামত খানও (১৪) ছিল। নৌকার আরও যারাা ছিলেন তাদের মধ্যে ১০ জন নারী, ৮-১০ জন শিশু ও ২০ জন পুরুষ ছিল। সব মিলিয়ে ৪২ ছিলেন। নৌকাটি রওনা হয়ে মাত্র নাফ নদীর কাছে আসে। এ সময় গুলীর শব্দ শুনি। হঠাৎ করে দেখি মিয়ানমারের বিজিপির স্পিডবোট চলে আসে। এসেই গুলী শুরু করে। এ সময় নৌকার মধ্যে পানি ঢুকে যায়। সবাই নৌকার পাটাতনের নিচে আশ্রয় নেয়। কিন্তু বিজিপি খুঁজে খুঁজে বের করে তাদের ওপর গুলী করতে থাকে। এক সময় নৌকাটি স্পিডবোটের সঙ্গে বেঁধে টানতে শুরু করে বিজিপি। ইমান জানান, নৌকার মাঝি লাফ দিয়ে নদীতে পড়ে যায়। তিনিও জীবন রক্ষার জন্য দুই সন্তান ফেলে নদীতে ঝাঁপ দেন। এখন তিনি জানেন না তার দুই ছেলেসহ অন্যদের জীবনে কি ঘটেছে। তিনি বলেন, আমি দেড় ঘণ্টার মতো সাঁতরে নাফ নদীর মাঝখানে চলে আসি। বাঁচাও বাঁচাও চিৎকার শুনে জেলেরা আমাকে উদ্ধার করে। পরে জেলে আবদুস সালামের বাড়িতে আমাকে আশ্রয় দেয়। একটা লুঙ্গি দেয়। রাতের খাবার দেয়।

মিয়ানমারের সেনাবাহিনী এবং রাখাইন বৌদ্ধদের সম্মিলিত হামলায় যখন সুপরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলমানদের নিশ্চিহ্ন করা হচ্ছে, যখন হেলিকপ্টার গানশীপ থেকে গুলী করে অসহায় নিরস্ত্র মুসলমানদের হত্যা করা হচ্ছে, যখন রোহিঙ্গা নারীদের ঘর থেকে বের করে পাইকারী হারে ধর্ষণ করা হচ্ছে, যখন তাদের এই মহাবিপদে কেউ পাশে দাঁড়াচ্ছে না, তখন একটি বৃহৎ শক্তি মৌখিকভাবে হলেও রোহিঙ্গাদের ওপর সামরিক শক্তি প্রয়োগ বন্ধ করার আহ্বান জানিয়েছে। এই বৃহৎ শক্তিটি হলো গণচীন। বাংলাদেশ যখন আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিতে অস্বীকার করেছে, যখন বাংলাদেশের কোস্ট গার্ড এবং সীমান্ত রক্ষী বাহিনী রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের পুশ ব্যাক করে মিয়ানমারে ঠেলে দিচ্ছে, তখন চীন আনুষ্ঠানিকভাবে ৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং আরো রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করবে বলে জানিয়েছে। এমন একটি পরিস্থিতিতে চীন ঘোষণা করেছে যে, রোহিঙ্গা ইস্যুর সমাধান সামরিক শক্তি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

 আজ আমেরিকা এবং পশ্চিমা দুনিয়া স্বীকার করছে যে, বর্তমানে পৃথিবীতে রোহিঙ্গারা সবচেয়ে নিপীড়িত জাতি। পরিস্থিতি যেখানে এতো গুরুতর সেখানে সেই পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে বিশ্ব সম্প্রদায়ের নিকট মোটেই গুরুত্ব পাচ্ছে না। রাশিয়া তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠার গালভরা বুলি নিয়ে সিরিয়ায় বোমা মেরে চলেছে। অথচ মিয়ানমারে নিরস্ত্র জনতাকে একটি সামরিক চক্র বছরের পর বছর ধরে নিধন করে যাচ্ছে, মানবতার এতো বড় অপমানেও এবং মানবাধিকার এমন ভয়াবহ রূপে লঙ্ঘিত হলেও রাশিয়ার কোনো বিকার নাই। ভারত নিজ দেশে এবং বিদেশে মানবাধিকারের বড় ফেরিওয়ালা। বাংলাদেশে সম্প্রদায় বিশেষের সামান্য ক্ষতি হলেও রাষ্ট্রীয়ভাবে তারা সে ব্যাপারে নাক গলায়। এই তো কয়েক বছর আগেও ভারত বাংলাদেশের পার্বত্য সমস্যায় নাক গলিয়েছিলো। অজুহাত ছিলো, তার সীমান্তে অস্থিরতা সৃষ্টি হলে তার নাকি নিরাপত্তা বিঘিœত হয়। মিয়ানমারও ভারতের প্রতিবেশী। অথচ সেখানে লাখ লাখ মানুষকে ঘরছাড়া করা হচ্ছে। ১৯৭৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মিয়ানমারের সামরিক জান্তা ২৫ লাখ রোহিঙ্গা মুসলমানের মধ্যে ১২ লাখকেই ঘরছাড়া করেছে। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার রিপোর্ট মোতাবেক গত অক্টোবর মাস থেকে আরাকানে যে জাতিগত নিধন চলছে তার ফলে মাত্র ২ মাসেরও কম সময়ের মধ্যে ১ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলমান বাস্তুহারা হয়েছে।

এমন পটভূমিকায় সামরিক শক্তির পরিবর্তে আলাপ-আলোচনার যে আহ্বান গণচীন করেছে সেটি শুধু মুখে বললেই চলবে না। সেটিকে কার্যকর করার জন্য মিয়ানমার সরকারের ওপর গণচীনের চাপ প্রয়োগ করতে হবে। সকলে সকলের ওপর চাপ দিতে পারে না। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার ব্যাপারে গণচীনের যথেষ্ট সুযোগ রয়েছে। আজ রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মী হানাদার বাহিনী যে অস্ত্র ব্যবহার করছে সেটিও সরবরাহ করেছে চীন। বাংলাদেশের মানুষ তাই আশা করে মিয়ানমার সরকারের এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার জন্য চীন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে।