শনিবার, ২০ অক্টোবর, ২০১৮

“বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবেলার উপায়”


প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে বিশ্ব জলবায়ু। ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়নের ফলে জলবায়ুর গতিপ্রকৃতি ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। জলবায়ুর আগ্রাসী পরিবর্তন ধিরে ধিরে পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই নেতিবাচক পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কুমেরু ও হিমালয়ের বরফ গলে যাচ্ছে,  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ,জলকম্প, ভুমিকম্প সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রতক্ষ্য স্বীকার।
আবহাওয়া ও জলবায়ুর ধারণাঃ কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির  গড় অবস্থাকে আবহাওয়া বলে। অন্যদিকে সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। জলবায়ু ধিরে ধিরে পরিবর্তিত হয়ে একসময় প্রকট রূপ ধারণ করে।
বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবরতনঃ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু তার নিজস্ব বৈশিষ্ট হারাচ্ছে। উন্নত দেশগুলোর অতিমাত্রায় শিল্পায়ন ও নগরায়নের ফল ভোগ করছে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ সহ অনেক অনুন্নত দেশ। ১৯৮০’র দশক থেকে গ্রীন হাউজ গ্যাসের প্রভাবে পৃথিবীতে গড়ে ০.১ ডিগ্রী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কুমেরু অঞ্চলের বরফ গলেছে আগের চেয়ে দিগুণ হারে। এর ভয়াবহ ফল হিসেবে অচিরেই সাগরের উচ্চতা কয়েক মিটার বেড়ে গিয়ে তলিয়ে যাবে উপকূলবর্তী অনেক শহর বন্দর। উত্তর ও দক্ষিণ গোলার্ধে দেখা দেবে খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টি। ফসল উৎপাদন ব্যহত হবে , বনসম্পদ নষ্ট হবে এবং জীবজগতের ২৫ ভাগ বিলপ্ত হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঘটতে শুরু করেছে। তাই সারা বিশ্বে জলবায়ু সংরক্ষণের জন্য সচেতনতা সৃষ্টি করা আবশ্যক হয়ে পড়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের জন্য অত্যন্ত হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। কারণ জলবায়ুর স্বাভাবিক সাম্যাবস্থা ভেঙে যাওয়ার ফলে ঋতুর স্বাভাবিক গতি প্রকৃতির পরিবর্তন সহ বহুবিধ সমস্যার সম্মুখীন বাংলাদেশ। ঝর,অতিবৃষ্টি, অনাবৃষ্টি,বন্যাসহ বিভিন্ন প্রাক্ররতিক দুর্যোগে জর্জরিত বাংলাদেশ।
 বিশ্বব্যাংকের তথ্যমতে ২০৫০সাল নাগাদ বাংলাদেশের ৫৩ লাখ মানুষ সরাসরি জলবায়ু পরিবর্তনের স্বীকার হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে পানি, মাটি ও ফসলের ওপর। উপকূলীয় মানুষ হারাবে বাসস্থান, বাড়বে পানিয় জলের সংকট। জীবনযাত্রার স্বাভাবিক মান বিপর্যস্ত হয়ে পড়বে।  
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবঃ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফল বাংলাদেশের ওপর পড়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবগুলো নিম্নে উল্লেখ করা হলঃ
বৃষ্টিপাত হ্রাসঃ যদিও সল্প সময়ের জন্য বৃষ্টিপাত বেড়েছে কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের চক্র দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে ২০১০ সালে বিগত ১৫ বছরের তুলনায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবং ভরা বর্ষাকালেও ফসল পুড়েছে।
লবণাক্ততা বৃদ্ধিঃ বৃষ্টিপাত কমে যাওয়ায় এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। এর প্রভাব সুন্দরবন সহ দেশের বিভিন্ন অঞ্চলে পড়া শুরু করেছে।
অস্বাভাবিক তাপমাত্রাঃ বাংলাদেশকে বলা হয় নাতিশীতোষ্ণ তাপমাত্রার দেশ। কিন্তু বিগত কয়েক দশকে তাপমাত্রার অস্বাভাবিক ভারসাম্যহীনতার কারণে সেই পরিচয় ম্লাণ হয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী গত ৫০ বছরে দেশের তাপমাত্র বৃদ্ধির হার ০.৫% । ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের তাপমাত্রা গড়ে ১.৪ ডিগ্রী সেলসিয়াস এবং ২১০০ সাল নাগাদ ২.৪ ডিগ্রী সেলসিয়াস বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গ্রীষ্ণকালে তাপমাপমাত্রা প্রচন্ড বাড়বে এবং শীতকালে একি হারে কমবে।
ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস ও মরুকরণঃ সঠিক সময়ে সঠিক পরিমানে বৃষ্টিপাতের অনুপাত কমে যাওয়ায় ভুগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়ে খরায় আক্রান্ত হবে দেশের উত্তরাঞ্চল। এর ফলে মরুকরনের সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারনে ২০৫০ সাল নাগাদ উদ্বাস্তু হবে প্রায় ৮০ লাখ মানুষ।
সুপেয় পানির অভাবঃ ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় এবং লনণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে। ২০২০ সাল নাগাদ এ সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও এর বিরূপ প্রতিক্রিয়াঃ জলবায়ুর আগ্রাসী পরিবর্তনের ফলে বাংলাদেশে আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগ গুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
বন্যাঃ বিশ্বব্যাংকের  প্রকাশিত তালিকায় বন্যার জন্য ঝুঁকিতে থাকা ১২ টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। গত কয়েক দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ১৯৯৮ সালে। তখন ৬৮ শতাংশ এলাকা পানিতে ডুবে গিয়েছিল। ১৯৮৮ সালে বন্যায় প্লাবিত হয়ে ছিল ৬১ শতাংশ এলাকা। ২০০৭ সালে বাংলাদেশে ৪০ শতাংশের ও বেশি এলাকা প্লাবিত হয়ে ছিল। ২০১৩ সালে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় ১০শতাংশ এলাকা প্লাবিত হয়ে ছিল।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসঃ বাংলাদেশ ব্যুরো অব  স্ট্যাটিসটিকস বিগত ২০০ বছরের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে , যেখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বড় বড় ঘূর্ণিঝরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিবিএস বলেছে ১৭৯৫ থেকে ১৮৪৫ এবং ১৮৪৬ থেকে ১৮৯৩ সময়ের মধ্যে ঘূর্ণিঝড় হয়েছে মাত্র তিনটি। ১৮৯৭ থেকে ১৯৪৭ সময়ের মধ্যে ঘূর্নিঝড় হয়েছে ১৩ টি। ১৮৪৮ থেকে ১৯৯৮ পর্যন্ত ঝুর্ণিঝড় হয়েছে ৫১ টি। ১৯৮০ থেকে ২০০৯ পর্যন্ত ঝরের সংখ্যা বেড়েছে এবং সামনে আরো বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
খরাঃ ১৯৪৯ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বাংলাদেশে কখনো একযোগে খরা দেখা দেয়নি। বিগত ৫০ বছরে বাংলাদেশ প্রায় ২০ বার খরা কবলিত হয়েছে। ভবিষ্যৎ এ আবহাওয়াবিদ্রা বড় ধরণের খরার আশংকা প্রকাশ করছে।
ভূমিধ্বসঃ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোর মধ্যে ভূমিধ্বস একটি। প্রায় সময়ই ভূমিধ্বস কেড়ে নেয় মানুষের জীবন ও সম্পদ। প্রতিনিয়ত পাহাড়ি এলাকার গাছপালা কাটার ফলে ভূমিধ্বসের সৃষ্টি হয়।
ভূমিকম্পঃ প্রাকৃতিক কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে। ১৯০০ সালের পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯০ টির ও বেশি ভূমিকম্প নথিভূক্ত হয় যার মাত্রা ৫ এর ওপরে। গবেষক্রা মনে করেন এই ঘন ঘন অল্প মাত্রার ভূকম্পন ৮ মাত্রায় ও আঘাত হানতে পারে।
শিলাবৃষ্টিঃ দিনে দিনে শিলা বৃষ্টির পরিমান বেড়েই চলেছে বাংলাদেশে। প্রতি বৈশাখে স্বাভাবিক নিয়মে শিলাবৃষ্টি হয়ে থাকলেও বিগত কয়েক বছরে এর আকৃতি ও পরিমাণ দুটোই বেড়েছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিঃ দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছে বাংলাদেশ। UNFCC’র দেওয়া তথ্যমতে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা ১০ থেকে ২০ সেন্টিমিটার বেড়েছে। ২০৫০ সালের মধ্যে দেশের ১৭% ভূমি তলিয়ে যাবে।   
 এছাড়াও নদীভাঙ্গন প্রাকৃতিক সম্পদ হ্রাস, মৎস্য সম্পদ হ্রাস, জীবপ্রজাতির বিলুপ্তি, উদ্ভিদ প্রজাতির ধ্বংস, কৃষিভিত্তিক উৎপাদন হ্রাস, জীবিকার উৎস হ্রাস, অর্থনৈতিক ক্ষতি ও সামাজিক অবক্ষইয়,অপুষ্টি ও স্বাস্থ্য ঝুঁকি সহ নানাবিধ জলবায়ুর নেতিবাচক প্রভাবে আক্রান্ত বাংলাদেশ। আর এর ভুক্তভোগির সংখ্যা জ্যামিতিক হারে বেড়েই চলেছে।

প্রতিরোধঃ জলবায়ু পরিবর্তনের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কিছু পদ্ধতি গ্রহণ করা উচিত। নিম্নে এগুলো উপস্থাপন করা হলঃ
 ১। জন সচেতনতা বৃদ্ধি;
 ২। উপকুল জুড়ে সবুজ বেষ্টনী গরে তোলা;
 ৩।কালো ধোয়া নির্গমণকারী জানবাহন অপসারণ;
 ৪। সমুদ্রে জেগে উঠা দ্বীপ গুলোর ভাঙন রোধে বাধ নির্মাণ;
 ৫।ব্যাপক হারে বনায়ণ;
 ৬।কৃষি জমি রক্ষার্থে পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ;
 ৭।অনাবাদী জমি ব্যবহার উপযোগী করে তোলা;
 ৮।জলবায়ুর যে তহবিল রয়েছে তার যথাযথ ব্যবহার;
 ৯।পাহাড় কাটা ও বসতি স্থাপন রোধ;
 ১০। প্রিন্ট মিডিয়ার ভূমিকা ;
 ১১। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ।
জলবায়ুর পরিবর্তন একদিনে রোধ কর সম্ভব নয়। এর জন্য দরকার সর্বস্তরের মানুষের প্রচেষ্টা। পরিবেশ নীতি বজায় রাখা। যুদ্ধ-বিগ্রহ, অতিরিক্ত কল্কারখানার ধোয়া মারাত্মকভাবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। তাই এগুলো বন্ধ করার জন্য জলবায়ু কেন্দ্রিক আন্তর্জাতিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার, ৪ আগস্ট, ২০১৮

অনুরোধে অগ্রজ...

#আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাঃ

আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ছোট ভাই ও বোনের মতো। তোমরা যে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত, তার নজিরবিহীন দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো। আমিও নানা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকেছি, মানববন্ধন, মিছিল, সভা-সমাবেশ করেছি কিন্তু তোমাদের দ্বারা রচিত বিশ্বনন্দিত এই আন্দোলন থেকে অনেক কিছু শেখেছি। তোমরা শিখিয়েছো কিভাবে নিজেদের দাবীগুলোকে গণমানুষের দাবিতে পরিণত করতে হয়। কিভাবে আইনের প্রয়োগ করতে হয়।
কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না যে, আমরা শিক্ষার্থী । আইন কিংবা শাসনতন্ত্র চালনার কাজ আমাদের নয়, আমাদের মূল কাজ পড়াশুনা করা।
অতিআবেগে উত্তেজিত কিংবা অন্যের কানমন্ত্রে আকৃষ্ট হয়ে আমাকে গালিগালাজ না দিয়ে ধীরস্থিরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে যে, "এই আন্দোলন আর তোমাদের হাতে নেই।"
এটির কলকাঠি এখন কূটচক্রীদের হাতে, যারা তোমাদেরকে ব্যবহার করে দেশকে অশান্ত করতে চাচ্ছে । যার জ্বলন্ত প্রমাণ আজকের ঘটনা।
তাই, আমি তোমাদের অগ্রজের স্থান থেকে অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে এসো। আমরা কোনো মতলবাজদের দাবার ঘুটি হতে চাই না। আমরা আবার নতুন করে কোনো দিয়া কিংবা করিমকে হারাতে চাই না।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আশা করি, সারাবিশ্ব অতিদ্রুতই এর বাস্তবায়িত রুপ দেখবে।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

সভ্য নামের পশু আমরা !!!



আজ যে বোন রাস্তায় বখাটেদের উত্যক্ত কিংবা ধর্ষণের শিকার হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা যতটুকু না বখাটেদের বিরুদ্ধে কথা বলে থাকি তারচেয়ে বুঝি দ্বিগুণহারে লাঞ্ছিত বোনের পোষাক-আশাকের সমালোচনা করে থাকি ।
সমাজে এক মহামারি ব্যাধির দেখা দিয়েছে । উত্যক্ত কিংবা ধর্ষণের মতো সংবাদে অধিকাংশকে বলতে শুনি সব কাটা পোষাকের দোষ, ভারতীয় চ্যানেলের দোষ । এইসব চ্যানেল কিংবা পোষাকের বদৌলতেই নাকি মেয়েটি আজ উত্যক্ত কিংবা ধর্ষণের শিকার হয়েছে । সত্যই কি তাই ?
কথায় কথায় আমাদের মধ্যে যারা ধর্মের রাশি টেনে ধরি তাদের কাছে জানতে চাই, হযরত ইউসুফ (আঃ) কে যখন জুলেখা সঙ্গমের প্রস্তাব দিয়েছিল তখন জুলেখার পরিহিত পোষাক কি আজকের এই লাঞ্ছিত বোনের পোষাকের চেয়ে অশোভন ছিল না ? নাকি ইউসুফ (আঃ) এর পুরুষত্বের কোনো প্রশ্ন ছিল ?
চিরন্তন সত্য তো এটাই যে সেখানে ইউসুফ (আঃ) কে আটকিয়েছিল তাঁর উত্তম চরিত্র ও ধর্ম কোনো পোষাক নয় ।
আবার যখন সিন্ধুরাজ জয়দ্রত পঞ্চপান্ডবের স্ত্রী পাঞ্চালীকে লাঞ্ছিত করার অপচেষ্টা করেছিল তখনো পাঞ্চালীর পোষাক নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ ছিল না । কিন্তু তারপরও সে লাঞ্ছিত হয়েছে। পোষাক তাকে বাঁচাতে পারে নি ।
মোদ্দা কথা তো এটাই যে, উন্মাদ-হিংস্র কুকুরের উন্মাদনায় কোনো কারণ লাগে না ।

শুধু যে মেয়েরা রাস্তায় লাঞ্ছিত হচ্ছে তা নয়, আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে  যৌনোন্মাদ কুকুরে ভরে গিয়েছে। আজ আমাদের বোনেরা কর্মস্থলে তার বসের কাছে নিরাপদ বোধ করে না । নিরাপদ বোধ করতে ভয় পায় তাঁর সহকর্মীর সঙ্গকেও । আজ তাঁরা নিজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এমনকি নিজ পরিবারের লোককেও বিশ্বাসে ভয় পেতে শুরু করেছে ।
প্রকৃতপক্ষে, পোষাক লাঞ্ছনার কোনো কারণ নয় । কারণ হিসেবে যদি কোনো কিছুকে দায়ী হতেই হয় তবে তা সভ্য মানুষের মুখোশধারী আমরা ও আমাদের নিশ্চুপ প্রবৃত্তি ।

তাই আসুন, লাঞ্ছিত বোনের দিকে আঙ্গুল না তুলে সমাজের আনাচে-কানাচে লুকিয়ে থাকা শরীরের গন্ধশুকো পশুদের বিরুদ্ধে স্বর তুলি এবং নিজ সন্তানদেরকে আদর্শ চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলি ।
আমি আশাবাদী, এভাবেই আমরা এক সভ্য ও নিরাপদ সমাজ গড়তে পারি ।


মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

গ্যাস মজুদ নির্ধারণে গয়া পন্ডিত



প্রতিদিনের মতো আজও সকালটা শুরু পত্রিকার পাতা উল্টিয়েই । পত্রিকায় নেই আলাদা কিছুই। নিত্যদিনের মতোই ঘটেছে সব ঘটনা। এসেছে অনেকটা গতদিনের মতোই কিন্তু একটু ভিন্ন রুপে, আলাদা ধাঁচে, আগের স্থানটি বদলে হয়তো অন্যস্থানে, ভিন্ন কারো হাতে কিংবা স্বরে।
বড় বড় পুকুরচুরির সংবাদও এখন আর আমাদের মনকে নাড়ায় না, বাড়ায় না আত্ম-সচেতনতা কোনো সমাজখাকি মহাব্যাধির পাতা পড়ে, উঠে না আগের মতো জাগরণী স্বর কোনো অন্যায়-অবিচারের খবর পড়ে। কেমন জানি এক অভ্যাসে পরিণত হয়ে গেছে সব শুনা কিংবা পড়া।

এমনি ছিল জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর আজকের এক সংবাদ “কয়েকটি ক্ষেত্রে গ্যাসের মজুত দ্রুত কমছে” শিরোনামে। যেখানে একদিকে যেমন ছিল সংবাদকৃত দেশের গ্যাসক্ষেত্রগুলোর ভৌগলিক অবস্থান ও পরিসংখ্যান, অন্যদিকে তেমনি এর পিছনের চাবিওয়ালাদের নিজস্ব ধ্যান-ধারণাও।

সংবাদটির সবচেয়ে বড় ক্লাইম্যাক্স পয়েন্ট হচ্ছে, গ্যাস মজুদ নির্ধারণে পাহাড়সম অদক্ষতার প্রমাণ। প্রথম আলোর তথ্যমতে,এই ক্ষেত্রগুলোতে গ্যাসের যে মজুত আছে বলে হিসাব করা হয়েছিল, তাতে এখনই তা ফুরিয়ে আসার কথা নয়।
বাপেক্সের সূত্র মতে, ঢাকার পার্শ্ববর্তী পূর্বাচলে ২০১৪ সালে রূপগঞ্জ গ্যাসক্ষেত্রটি যখন আবিষ্কৃত হয় তখন ক্ষেত্রটিতে প্রায় ৩৪ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস মজুত আছে বলে বলা হয়েছিল। কিন্তু এই বছরই ক্ষেত্রটি থেকে দৈনিক ৫০ লাখ ঘনফুট করে গ্যাস তোলা শুরু করার পর এখনই মজুত ফুরিয়ে গেছে। অথচ ক্ষেত্রটি থেকে এখন পর্যন্ত সর্বমোট এক বিসিএফ গ্যাসও তোলা হয়নি।
আবার, নোয়াখালীর সুন্দলপুর গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করা হয় ২০১২ সালে। এখানে ৫০ বিসিএফ গ্যাস মজুত আছে বলে হিসাব করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সর্বমোট ১০ বিসিএফ গ্যাস তোলার পরই ক্ষেত্রটির একমাত্র কূপটি বন্ধ করে দিতে হয়েছে। কারণ, বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য আর গ্যাস পাওয়া যাচ্ছে না।
অনুরুপভাবে, খাগড়াছড়ির মানিকছড়িতে অবস্থান সেমুতাং গ্যাসক্ষেত্রের। এই ক্ষেত্রটির মোট মজুত হিসাব করা হয়েছিল ৩১৮ বিসিএফ। একসময় এখান থেকে দৈনিক ৩ কোটি ঘনফুট করেও গ্যাস তোলা হয়েছে। এখন তা নেমে এসেছে দৈনিক ২০ লাখ ঘনফুটে। এখন পর্যন্ত ক্ষেত্রটি থেকে সর্বমোট ১৩ বিসিএফের মতো গ্যাস তোলার পরই এ অবস্থা দাঁড়িয়েছে।
 আবার, সিলেটের ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রটিও অনেক পুরোনো। ১৯৮৪ সালে আবিষ্কৃত এই ক্ষেত্রটির মজুত নির্ধারণ করা হয়েছিল ৩২৯ বিসিএফ। এখন পর্যন্ত গ্যাস তোলা হয়েছে সর্বমোট ১৫৩ বিসিএফ। এরই মধ্যে ক্ষেত্রটির দৈনিক উত্তোলন ক্ষমতা আড়াই কোটি ঘনফুট থেকে কমে ১ কোটি ২০ লাখ ঘনফুটে দাঁড়িয়েছে।
এবং সালদা নদী গ্যাসক্ষেত্রটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশ-ভারত সীমান্তে। এই ক্ষেত্রের একমাত্র কূপ থেকে দৈনিক ১ কোটি ঘনফুট করে গ্যাস তোলা হতো। কিন্তু এখন তা ৩৫ লাখ ঘনফুটে নেমে এসেছে।
উপরোক্ত তথ্যগুলো প্রাকৃতিক গ্যাসক্ষেত্র গুলোর মজুদ নির্ধারণে নির্ধারকদের যথেষ্ট অদক্ষতার প্রমাণ মেলে। হ্যাঁ, সবসময় যে গবেষণার ফল একই হবে তা কিন্তু আশা করা যায় না। তবে, ৩৪ বিপিএস এর জায়গায় ১ বিপিএস, ৫০ বিপিএস এর জায়গায় ১০ বিপিএস শেষ কিংবা ৩১৩ বিপিএস এর জায়গায় মাত্র ১৩ বিপিএসেই গ্যাস নাই নাই ভাব অনেকটা আষাড়ে গল্পের মতোই শুনাই না তো।
কিন্তু এর পিছনের কারণগুলোও বাতলে দিলেন বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ম তামিম । বললেন, প্রথমত এ ঘটনায় মজুত নির্ধারণে বাপেক্সের অদক্ষতার প্রমাণ মেলে। এ ছাড়া মজুত বেশি দেখিয়ে বেশি হারে বোনাস নেওয়ার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। এ দুই কারণ ছাড়া এমন হওয়ার কথা নয়।
এতো অদক্ষতার পরও কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকতে পিছ পা যে নন তার প্রমাণ মেলে জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার দেয়া বিবৃতিতে। সুত্রগুলো জানায়, “যদিও এই ক্ষেত্রগুলো ছোট এবং মজুত কম, কিন্তু এগুলো থেকে উত্তোলিত মোট গ্যাসের পরিমাণ দৈনিক সরবরাহের হিসাবে নগণ্য নয়।”
কিন্তু প্রশ্ন মজুদ কম কিংবা বেশির নয়, প্রশ্ন হলো কেন মজুদ ধারণায় আকাশ-পাতাল তফাৎ ?

প্রশ্ন এও যে কিভাবে এমন অদক্ষ কর্মীরা কোনো প্রশিক্ষণ ব্যতিরেকেই প্রাকৃতিক গ্যাস নির্ধারণের মতো দেশের গুরুত্বপূর্ণ খাতের ধারণা দিচ্ছেন ? কিংবা দক্ষ ব্যক্তিরা অদক্ষতার মুখোশ পরে নিজেদের স্বার্থ হাসিলে পার পেয়ে যাচ্ছেন ? কেন কোনো জবাবদিহিতা নেই ? নাকি সবই ঘটছে এর পিছনের স্বার্থনেশি মহলের হাতের ছোঁয়ার জাদুর প্রভাব ? যা চলছে, চলবে রুখবে না কখনো তা আইন ।

বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

" আবারো এসেছি বিশ্বসম্মুখে মোরা, ছয় দফা দাবি নিয়ে.."

নিজেদের অধিকার আদায়ে নয়, বিশ্ব-মানবতার মুক্তির চেতনায় জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উত্থাপিত ছয় দফা প্রস্তাব হল-
এক. রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের নিপীড়ন এই মুহূর্তে বন্ধ করতে হবে।
দুই. নিরপরাধ বেসামরিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য মিয়ানমারের ভেতরে নিরাপদ এলাকা (সেইফ জোন) তৈরি করা যেতে পারে, যেখানে তাদের সুরক্ষা দেওয়া হবে।
তিন. বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত সব রোহিঙ্গা যেন নিরাপদে এবং মর্যাদার সঙ্গে মিয়ানমারে তাদের বাড়িতে ফিরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
চার. রোহিঙ্গা সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ অবিলম্বে নিঃশর্তভাবে বাস্তবায়ন করতে হবে।
পাঁচ. রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার যে রাষ্ট্রীয় প্রপাগান্ডা মিয়ানমার চালাচ্ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।
ছয়. রোহিঙ্গারা মিয়ানমারে না ফেরা পর্যন্ত তাদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোকে।
বৈঠকে তিনি আরো বলেছেন, “আমরা এই ‘জাতিগত নির্মূল’ অভিযানের অবসান দেখতে চাই। আমাদের মুসলমান ভাইদের এই দুর্দশার অবসান চাই। এই সঙ্কটের সূচনা হয়েছে মিয়ানমারে এবং সেখানেই এর সমাধান হতে হবে।”

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

কালো হয়ে জন্ম নেয়াটা কি সত্যিই কোনো পাপ............

কালো হয়ে জন্ম নেয়াটা যেন পাপের।যেখানে প্রতি মিনিটে মিনিটে সেলফি তুলে ফর্সা ছেলেমেয়েরা ফেইসবুকে আপলোড করছে, সেখানে নিজের সবথেকে ভালোলাগা ছবিতে ফটোশপে ব্রাইটনেস বাড়িয়েও প্রোফাইল পিকচার করতে হাজারো দ্বিধায় ইচ্ছা অপূরণীয়ই থেকে যাচ্ছে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় আয়োজিত ফ্যাশান শো'তে, টিভি চ্যানেলে বিজ্ঞাপনের জন্য, নাটক সিনেমার জন্য কাছের কত কাছের বন্ধুবান্ধব নির্বাচিত হল, শুধু কালো হয়ে জন্মানোর জন্য এগুলোর ধারের কাছেও যেতে পারছে না।
রাস্তায় বন্ধুর সাথে হেঁটে যাওয়ার সময় কোচিং ছুটি হওয়ার পর যত মেয়ে যাচ্ছে সবাই সেই ফর্সা বন্ধুটির দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমনকি পাশকেটে যাওয়ার
পরেও পেছন ফিরে বার বার তাকায় এবং আরেক বান্ধবীকে চিমটি কেটে বলে "ইশ ছেলেটা কত্ত কিউট"।
ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়। শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য। ক্লাসের সবথেকে হ্যান্ডসাম ছেলেটাও এসে বন্ধুত্বের অফার দিচ্ছে, এমনকি ক্লাসের সবথেকে ভদ্র, মেধাবী ছাত্রটা পর্যন্ত তাকে আলাদা চোখে দেখে সবসময়। কত ছেলে তাকে ভালোবাসার, বন্ধুত্বের অফার দিচ্ছে। অথচ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গেল কোন ছেলেই তাকে প্রপোজ করল না? শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য। শহরের সবথেকে ধনী ছেলের সাথে বিয়ে, মডেলিং এ চান্স, চারিদিকে নামডাক শুধুমাত্র ফর্সা মেয়েটিরই। অথচ কালো মেয়ের বিয়ের সময় কত ভালোভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে, একটি ছেলেও তাকে পছন্দ করছে না। ঠিক তখন বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়, এবং এই পৃথিবীতে নিজেকে সবথেকে হতভাগী মনে হয়, শুধুমাত্র কালো হয়ে জন্মানোর জন্য।
যখন ক্লাসের ভেতর একই নামের দুজন ব্যাক্তি থাকে, ধরুন প্রথম জন ফর্সা, দ্বিতীয়জন কালো, তখন যদি সেই কালো ছেলে/ মেয়েটাকে কেউ খুঁজে, "ওমুক কে দেখেছিস?" প্রত্যুত্তরে তার বন্ধুরা বলে "কোন ওমুক "ক্যাইল্লা, কাল্লু টা নাকি?" ঠিক তখনি যদি ঐ ছেলে/ মেয়েটা তার পেছনেই দাঁড়িয়ে এই কথাটি শুনে ফেলে। তখনও বুকের মাঝখানে কেমন যেন একটা চাপ অনুভূত হয়। গায়ের রং কালো হওয়ার কারণে এমন অনেক ছেলেমেয়েকেই জীবনে একটিবার হলেও আফসোস করতে হয়।
"কেন সে এই পৃথিবীর বুকে কালো হয়ে জন্মালো?"